শিরোনাম

ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত

জামালপুর সংবাদদাতা
ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত
ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে দুই মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্বদাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তাদের মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফাতেমা আক্তার (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে কালবৈশাখী ঝড়ে ৩টি গাছ গনি মণ্ডলের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতর থাকা একই পরিবারের তিন সদস্য চাপা পড়ে নিহত হন। সকালে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/