শিরোনাম

জ্বালানি তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ সংবাদদাতা
জ্বালানি তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ মোটরসাইকেলচালকরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার মান্দরতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিগি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সকাল ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত কর্মচারীরা বিরতিহীন কাজ করেন। এতে অতিরিক্ত কাজের চাপে ক্ষুব্ধ হয়ে তারা আজ কাজে যোগ দেননি। কর্মচারী সংকটে আজ সকাল থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ ছিল। এর ফলে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলা আড়াইটার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন।

নিগি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী লফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিজে তেল দেওয়া শুরু করেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এসআর/