শিরোনাম

৮৭ বছর পূর্তিতে ফরিদপুরের তালমা নাজিমুদ্দিন স্কুলে জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
৮৭ বছর পূর্তিতে ফরিদপুরের তালমা নাজিমুদ্দিন স্কুলে জমকালো আয়োজন
বেলুন উড়িয়ে মিলনমেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৮৭ বছর পূর্তি অনুষ্ঠানে সোমবার (২৩ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনব্যপী মিলনমেলার কার্যক্রম শুরু হয়।

পরে বেলুন উড়িয়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি ডা. সিরাজুল ইসলাম, সদস্য মামুন চৌধুরীসহ আয়োজকরা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, নাচ-গান, কৌতুক, নাটিকা ও ব্যান্ড সংগীত। এছাড়া মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের আয়োজনও ছিল।

আনন্দ উদসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে এসে জড়ো হন। এসময় তাদের নানা খুনসুটি, ছবি তোলা, স্মৃতিচারণসহ আনন্দ উল্লাস করতে দেখা যায়। অনেকে দীর্ঘ দিন পরে বিদ্যালয়ে এসে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত

দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অনুষ্ঠানে যোগদান করেন। সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করছে বর্তমান সরকার। গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। সেখান থেকে বের হয়ে আসতে নতুন করে ঢেলে সাজানো ছাড়া আর কোন পথ খোলা নেই।

এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রায় ২ হাজার শিক্ষার্থী দিনব্যাপী এ মহামিলন মেলায় অংশ নেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর ডট কম।

/টিই/