শিরোনাম

আপনার বহু আগে ছাত্রদল করেছি: কুমিল্লার এসপি

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
আপনার বহু আগে ছাত্রদল করেছি: কুমিল্লার এসপি
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করে আসছি বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

ওই ছাত্রদল নেতার নাম ফখরুল ইসলাম মিঠু। তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

আলোচনা সভায় পুলিশ সুপারকে উদ্দেশ্য করে ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।’

প্রতি উত্তরে এসপি মো. আনিসুজ্জামান বলেন, ‘এটা পলিটিক্স মঞ্চ নয়, একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিং এ কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।’

এ প্রসঙ্গে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেপ্তার করেন না।’

জবাবে এসপি বলেন, ‘যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। ৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছে। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র ৪ মাস এ সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে একটা বাচ্চাও খাওয়া শিখতে ৯ থেকে ১০ মাস লাগে।’

পুলিশ সুপার বলেন, ‘দেশে বিচার হচ্ছে, ইতিমধ্যেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের হাবিবের (সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান) ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।’

জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

/এসআর/