শিরোনাম

খানজাহান আলীর মাজারে কুমিরের ‘শিকার’ ফাতেমার মরদেহ উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা
খানজাহান আলীর মাজারে কুমিরের ‘শিকার’ ফাতেমার মরদেহ উদ্ধার
কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারের পর মহিলা ঘাটের কাছে রাখা হয়

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে দিঘির পূর্ব পাড় থেকে মরদেহটি উদ্ধার হয়।

মাজারের খাদেম ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম জানান, ভোরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে নৌকা নিয়ে উদ্ধারকারীরা মরদেহটি এনে মহিলা ঘাটের কাছে রাখে।

নিহত ফাতেমার বয়স আনুমানিক ৭ বছর। সে মাজার এলাকায় ভবঘুরে হিসেবে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে। তার বাবা নেই। সোমবার (১ জুন) রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাট থেকে ফাতেমাকে টেনে নিয়ে যায় কুমির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোসল করতে অথবা হাত-পা ধুতে দিঘির ঘাটে নেমেছিল ফাতেমা। তখন দিঘির পানিতে লুকিয়ে থাকা কুমির তার উপর আক্রমণ করে টেনে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে শিশুটির খোঁজে দিঘিতে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যুক্ত হন।

রাতেই বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কুমিরের কামড়ের দাগ রয়েছে, তবে দৃশ্যমান কোনো অঙ্গহানি হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফসি/