শিরোনাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা সংবাদদাতা
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা সদর থানা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

উৎস রায় জেলার দাকোপ উপজেলার রামনগর গ্রামের কনক কান্তি রায়ের ছেলে। তিনি খুলনা নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎস রায় গত কয়েকদিন যাবত মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিকের এফ-৮৫ নম্বরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উৎস রায় হতাশাগ্রস্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/