শিরোনাম

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের

সিটিজেন ডেস্ক
মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের
মিয়ানমারের জান্তাপ্রধান ও নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে বসে দেশ শাসন করার পথ আরও মসৃণ করলেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিডোতে আয়োজিত শপথ অনুষ্ঠানে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরেছে এবং দেশকে ভালো ভবিষ্যতের দিকে নেওয়ার চেষ্টা চলছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে তিনি শীর্ষ জেনারেলের পদ ছাড়েন।

এর আগে মিয়ানমারে সাম্প্রতিক নির্বাচন অনুষ্ঠিত হলেও তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। অং সান সু চির দলসহ বেশির ভাগ বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি। ফলে সামরিক বাহিনীসমর্থিত রাজনীতিকদের জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়।

২০২১ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা নেওয়ার পর মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত চলছে। নতুন সরকার গঠনের পরও দেশটির ক্ষমতার কেন্দ্র যে এখনো সামরিক প্রভাবেই রয়েছে, বিশ্লেষকদের এমন মন্তব্যও সামনে এসেছে।

শপথের আগে কয়েকজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয় এবং আন্দোলনের সময় চাকরি ছেড়ে দেওয়া সরকারি কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানানো হয়। তবে সমালোচকদের দাবি, এসব পদক্ষেপ মূলত রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর প্রচেষ্টা।

/বিবি/