শিরোনাম

ঘর থেকে ছেলের, রেললাইনে বাবার লাশ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা
ঘর থেকে ছেলের, রেললাইনে বাবার লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলের ও বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলো– মো. সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)।

আটককৃত সোহান হোসেন (২৭) নিহত সোহেল হোসেনের বড় ছেলে।

পুলিশ জানায়, বনমালা এলাকার বাসিন্দা নিহত সোহেল হোসেন দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হলে বাড়িতে দুই ছেলেকে নিয়েই বসবাস করতেন তিনি। নিহত সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করত সে।

গতকাল শনিবার রাতের কোনো এক সময় সাকিবের মুখের ভেতর কাপড় গুঁজে দিয়ে দুই হাতের রগ কেটে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। আর তার বাবা সোহেল হোসেনের মরদেহ পাশের বনমালা রেললাইনে পড়ে ছিল। নিহত সোহেলের শরীরে রেলের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সকালে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানার পুলিশ। পরে মরদেহ দুটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার সময় সোহেল হোসেনের বড় ছেলে সোহান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/