শিরোনাম

বন্ধুর বিয়েতে এসে দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বন্ধুর বিয়েতে এসে দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী
সোহেল ফকির

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। বন্ধুর বিয়েতে অংশ নিতে সম্প্রতি তিনি কুয়েত থেকে দেশে এসেছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার বটতলা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ফকির গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি সামু ফকিরের ছেলে।

নিহতের স্বজন পান্নু মৃধা বলেন, মঙ্গলবার দুপুরে সোহেল মোটরসাইকেল পার্কিং করে মহাসড়কের পাশে বটতলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী তাজবি পরিবহনের একটি বাস সড়কের পাশ ঘেঁষে চলে যায় এবং সোহেলকে সজোরে ধাক্কা দেয়। বাসটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সোহেলের ছোটবেলার বন্ধু খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা ফয়সাল হাওলাদার। গত ১৯ জুন তার বিয়ে হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ১০ দিন আগে সোহেল কুয়েত থেকে দেশে এসেছেন।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোপালপুর থেকে ঘাতক তাজবি পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

/এসআর/