শিরোনাম

দুই গাড়ির মাঝে চাপা পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
দুই গাড়ির মাঝে চাপা পড়ে কিশোরের মৃত্যু
নিহত আশরাফুল মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে আশরাফুল মাহমুদ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও তিনজন।

নিহত আশরাফুল জোরারগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার পেয়ার আহমেদের ছেলে। সে এবার স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছিল।

আহতরা হলো- মো. সোহাগ (২০), মো. রাশেদ (৩২) ও নুরুল আমিন (৩২)। তাদের মধ্যে নুরুল আমিন পথচারী। রাশেদ দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক এবং সোহাগ তার সহকারী।

নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আশরাফুল পড়াশোনার পাশাপাশি সোনাপাহাড় বিশ্বরোড এলাকায় তার বাবার দোকানে সহায়তা করত। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল সে। এসময় একটি কাভার্ড ভ্যানকে পেছনে থাকা স্টিলের পাতবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাঝখানে চাপা পড়ে নুরুল আমিন ও আশরাফুল।

এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর থাকা স্টিলের পাতের আঘাতে জখম হন ট্রাকচালক রাশেদ ও তার সহকারী সোহাগ। পরে তাদের চারজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় আশরাফুল ও সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পর মারা যায় আশরাফুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/