শিরোনাম

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৮

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৮
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বায়েজিদ বোস্তামী থানার ওসি আব্দুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ-অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় হঠাৎ মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও এদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ মিছিলটিতে ৪০–৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী অংশ নেয়। তারা আওয়ামী লীগের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। অংশগ্রহণকারীদের অনেকের মাথায় লাল টুপি ছিল।

এ বিষয়ে ওসি আব্দুল করিম জানান, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে আটককৃত আট জনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

/এফআর/