রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, নারীসহ আটক ৪
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন করেন এক নারী

ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন একদল তরুণ। এসময় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, তারা গ্রাফিতি মুছতে এসেছিলো। পুলিশ তাদেরকে নিবৃত করেছে।

গণমাধ্যমে আসা বিভিন্ন ভিডিও ফুটেজে এক নারীকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন করতে দেখা যায়, তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এসময় ওই নারী জানান, তারা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন।

‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে স্লোগান দেন তরুণরা
‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে স্লোগান দেন তরুণরা

পুলিশি বাধার মুখে আয়াসের নেতৃত্বে তারা স্লোগান দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আয়াসসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আবদুল খালেক বলেন, তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করে থানায় আনা হয়েছে, তারা বর্তমানে হেফাজতে রয়েছেন। তিনি জানান, আটককৃতদের বিষয়ে ঊর্ধ্বতনরা সিদ্ধান্ত নেবেন।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দেওয়া হয়।

/এফসি/