শিরোনাম

হাট পরিষ্কারে গাফিলতিতে দায়ী ইজারদারদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
হাট পরিষ্কারে গাফিলতিতে দায়ী ইজারদারদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

কোরবানির হাট পরিষ্কারে যারা গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‎রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে ঈদুল আজহার কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ইজারাদাররা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেননি। তাদের কাজ আমাদের করতে হচ্ছে। জামানতের পরিমাণ কম হওয়ায় ইজারাদাররা হাট পরিষ্কারে গুরুত্ব দেননি, গাফিলতি করেছেন। আগামীতে জামানতের পরিমাণ বাড়ানো হবে।

‎তিনি বলেন, আমাদের হাট-বাজার সংক্রান্ত কমিটির বৈঠক আছে। সেখানেই কাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

আবদুস সালাম বলেন, ঈদের তিন দিনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কোরবানি বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে । তবে বেশ কিছু স্থানে এখনো বর্জ্য আছে ।

‎তিনি বলেন, তিন দিনে ৩৩ হাজার টনের বেশি কোরবানি বর্জ্য অপসারণের লক্ষ্য ছিল। আমরা ৩৬ হাজারের বেশি কোরবানি বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং সম্পন্ন হয়েছে। আমাদের কাজ চলমান আছে। নগরবাসী যেখানেই বর্জ্য দেখবেন, আমাদের হটলাইন নাম্বারে ফোন করে জানাবেন।

/এসবি/