শিরোনাম

খিলগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
খিলগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা
খিলগাঁও রেল ক্রসিং এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

রাজধানীর চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণসংক্রান্ত বিধান অমান্য করায় এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এতে ৬ হাজার টাকা রাজস্ব আদায় হয় বলে জানিয়েছে ডিএসসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

/এমআর/