শিরোনাম

রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। পরে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত সাকিবুল হাসানের বাবা আব্দুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিব রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়তো। গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নঠাইগাড়ি গ্রামে। এক ভাই এক বোনের মধ্যে সাকিব ছিল বড়।

তিরি আরো বলেন, ‘বেলা সারে ১১টার দিকে খেলার কথা বলে বাসা থেকে বের হয় সাকিব। এরপর বন্ধুদের মাধ্যমে জানতে পারি রাজারবাগ পুলিশ লাইনসের ভিতরে বড় মসজিদের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় সাকিব।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

/এফআর/