শিরোনাম

শিক্ষামন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নির্দিষ্ট সময়সীমা দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি শেষ করার ঘোষণা দিয়ে সড়ক থেকে সরে যান। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তারা জনগণের দুর্ভোগ বাড়াতে চান না বলেই আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।

তিনি বলেন, তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীদের এ ঘোষণার পর তারা শাহবাগ মোড় ছেড়ে চলে যান। এরপর ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

/এমআর/