শিরোনাম

জনগণের অংশগ্রহণ ছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখা অসম্ভব: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
জনগণের অংশগ্রহণ ছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখা অসম্ভব: ডিএসসিসি প্রশাসক
‘ক্লিনিং ডে’ কর্মসূচি উদ্বোধনকালে কথা বলছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শনিবার (৯ মে) সকালে ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই ঢাকা শহর বদলে যাবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।

তিনি আরও বলেন, ‘কলাবাগান ও মালিবাগের মতো পর্যায়ক্রমে পুরো শহরের সব সেকেন্ডারি বর্জ্য হস্তান্তর কেন্দ্রগুলোকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে।’

ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কর্মসূচি উদযাপিত

এদিকে, এদিন প্রথমবারের মতো ডিএসসিসির ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হয়েছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক কর্তৃক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণার পর আজ ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা শুরু হয়েছে।

এ বিষয়ে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। এছাড়া, সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যে কোনো একদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

তিনি সব রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়া এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

/এফআর/