শিরোনাম

রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তীব্র পানির সংকটের মাঝেও দীর্ঘ সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনা করে আরও আটটি ইউনিট সেখানে যুক্ত হয়ে মোট ১৫টি ইউনিট একযোগে কাজ চালায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে তীব্র পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে দূরবর্তী বিকল্প উৎস থেকে পানির ব্যবস্থা করে দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

/এমএকে/