শিরোনাম

শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, একই দাবিতে বিকালে রাজধানীর আব্দুল গনি রোডের শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচির পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিন বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হতে শুরু করেন। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান শেষে বিকাল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। বিকাল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন শিক্ষার্থীরা। এরপর তারা সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

পরবর্তীতে বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে যান। সেখানে নিজেদের দাবি আদায়ে সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।