বিদেশে চাকরির নামে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়, গ্রেপ্তার ১২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিদেশে চাকরির নামে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়, গ্রেপ্তার ১২
রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকা থেকে আটক দালাল চক্রের ১২ সদস্য

রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় বিদেশে চাকরি, ওয়ার্কিং ভিসা এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাতজনকে সাত দিন থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সুরুজ মিয়া, পটুয়াখালীর সবুজ, পাবনার শাহিন, সিরাজগঞ্জের সুজন ও শামীম, কিশোরগঞ্জের আবুল বাশার, দুর্জয় ও কাইয়ুম, ভোলার হারুন, রিয়াজ ও কামরুননাহার এবং রংপুরের রেজাউল করিম।

শুক্রবার দুপুরে টেকনিক্যাল মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের পরিপ্রেক্ষিতে চক্রটির বিষয়ে অনুসন্ধান করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যেভাবে টাকা হাতিয়ে নিত চক্রটি

এসআরবি জানায়, বিদেশে যেতে আগ্রহীদের কম খরচে কর্মী ভিসা এবং লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত চক্রের সদস্যরা। এ জন্য প্রার্থীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। পরে বিভিন্ন অজুহাতে সেই টাকা আত্মসাৎ করা হতো বলে অভিযোগ রয়েছে।

সংস্থাটির ভাষ্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মী নিয়োগ করে। এ প্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে কোনো নিয়োগ ফি নেওয়া হয় না। শুধু পাসপোর্ট থাকলেই নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। প্রতি শুক্র ও শনিবার বিকেটিটিসি ভেন্যুতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীদের লক্ষ্য করেই দালাল চক্রটি প্রতারণা করত।

প্রশিক্ষণ কেন্দ্র চাকরির ব্যবস্থা করে না

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বিকেটিটিসি একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন মেয়াদের ২৪টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণের সনদ বিদেশে চাকরি পেতে সহায়ক হলেও কেন্দ্রটি সরাসরি বিদেশে কর্মী পাঠায় না বা চাকরির ব্যবস্থা করে না।

তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ এবং বিদেশে চাকরি পাওয়া এক বিষয় নয়। তাই এ বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে হবে।

বিদেশে চাকরি বা পরীক্ষায় পাসের নিশ্চয়তা দিয়ে কেউ টাকা চাইলে যাচাই ছাড়া লেনদেন না করার পরামর্শ দিয়েছে এসআরবি। প্রতারণা এড়াতে সরকারি দপ্তর ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করতে এবং এ ধরনের ঘটনার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

/এমআর/