রাজধানীতে যৌথ বাহিনীর ‘ব্লক রেইড’, গ্রেপ্তার ৩৪৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে যৌথ বাহিনীর ‘ব্লক রেইড’, গ্রেপ্তার ৩৪৪
(বামে) জব্দকৃত অস্ত্র এবং (ডানে) অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ

মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে রাজধানীর চার থানায় একযোগে ‘ব্লক রেইড’ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া থানায় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে ৩৪৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়।

অভিযানে পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য এতে অংশ নেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযানে পল্লবী থেকে ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

অভিযান শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। সামনেও অব্যাহত থাকবে এই বিশেষ অভিযান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

/এফআর/