এবার সরানো হলো গুলশান বিভাগের ডিসিকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবার সরানো হলো গুলশান বিভাগের ডিসিকে
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ

গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনের পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিলো পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। এ ঘটনায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অন্তত ৭২ জনকে আটক করে পুলিশ।

/এসবি/