শিরোনাম

রাজধানীর ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

সিটিজেন ডেস্ক
রাজধানীর ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক
দীর্ঘ অপেক্ষা শেষে জ্বালানি তেল নিচ্ছেন এক মোটরসাইকেল চালক। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ২৮ এপ্রিল থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

নির্বাচিত ফিলিং স্টেশনগুলোর মধ্যে রয়েছে শাপলা চত্বরে করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরা এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, মিরপুরের মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, গাবতলীর এসপি ফিলিং স্টেশন লিমিটেড, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-২ এর স্যাম অ্যাসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।

নির্দেশনায় বলা হয়েছে, ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে।

/এসএ/