শিরোনাম

সায়েদাবাদ বাস টার্মিনালের অবৈধ কাউন্টার সরাতে ডিএসসিসির আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সায়েদাবাদ বাস টার্মিনালের অবৈধ কাউন্টার সরাতে ডিএসসিসির আলটিমেটাম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

আগামী ১৫ জুনের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের অবৈধ কাউন্টার-দোকানপাট সরাতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের টার্মিনালের নির্ধারিত স্থান ব্যবস্থাপনায় ফিরে যেতে হবে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে, প্রশাসক মো. আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং টার্মিনাল এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকি করেন।

এ সময় সায়েদাবাদ টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল এবং শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে ২ টি করে ৪ টি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা টার্মিনালের নির্ধারিত স্থান ব্যবস্থাপনায় ফিরে আসবেন।

তিনি আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করছি।

এদিকে, দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭ নং ওয়ার্ডে মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মানিকনগর বিশ্বরোড হতে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত এই সড়কের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।’

/এফআর/