শিরোনাম

শাহবাগ থেকে ৩ মরদেহ উদ্ধার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শাহবাগ থেকে ৩ মরদেহ উদ্ধার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি। তিনজনই ভবঘুরে জীবনযাপন করতেন বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে শাহবাগ থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আনন্দ বাজার এলাকায় অমর একুশে হলের সামনে থেকে মো. হাবিব (৫০) ও আমান হোসেন (৬০) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, সকালে অমর একুশে হলসংলগ্ন ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, উদ্ধারকালে তাদের পরিচয় জানা না গেলেও পরে সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণ করে পরিচয় শনাক্ত করা হয়। নিহত আমান হোসেন রাজধানীর বংশাল এলাকার এবং মো. হাবিব মতিঝিল এলাকার বাসিন্দা ছিলেন। তারা দুজনই ভবঘুরে হিসেবে জীবনযাপন করতেন।

এদিকে শাহবাগ থানার আরেক উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তিনজনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এমআর/