ছাত্রদলের ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ছাত্রদলের ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি: সিজেডএন গ্রাফিক্স

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ ৫ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। ৫৮ দিন পর তারা এ সুখবর পেলেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্য চার নেতা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই পাঁচ নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ সময় প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১০ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল।

/জেএইচ/