শিরোনাম

রাজধানীতে দুই বাসের চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দুই বাসের চাপায় যুবক নিহত
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকাল ৪টার দিকে চানখাঁরপুলে এ ঘটনা ঘটে।

নিহত জয়দেব একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে। যাত্রাবাড়ী এলাকায় থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বিকালে চানখাঁরপুল সড়কে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন জয়দেব। ওই সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গেলে দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দুটি আটকে রেখেছে স্থানীয়রা।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।

/এসবি/