শিরোনাম

‘উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ আরও সুন্দর হবে’

নিজস্ব প্রতিবেদক
‘উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ আরও সুন্দর হবে’
তেজগাঁও প‌লিটেক‌নিক খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকায় গাছপালার যে আংশিক ক্ষতি হয়েছিল, তা পূরণের জন্য নুতন করে গাছ লাগানো হয়েছে। সেখানে আগের চেয়ে আরও অনেক সুন্দর ও মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (১ জুন) কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁও প‌লিটেক‌নিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ‘এআই’ ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। মেট্রোরেলের সুন্দর ও মনোরম পরিবেশের সবুজায়ন সরজমিনে পরিদর্শন করে এ নিয়ে জনগণের মাঝে সঠিক ও সত্য সংবাদ প্রচার করার জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানান।

প্রশাসক বলেন, ক্লিন ও গ্রিন ঢাকা বাস্তবায়নে আজ ঢাকা পলিটেকনিক খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিল্পাঞ্চলের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন হবে।

এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও এলাকাবাসীকে তিনি ধন্যবাদ জানান।

শফিকুল ইসলাম বলেন, ঈদ পরবর্তী ৭২ ঘণ্টা শেষে ডিএনসিসির ইজারাকৃত পশুর হাটগুলোর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। অনেক হাটের বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ করা হয়েছে। বাকিগুলোয় কাজ চলছে।

কোরবানির বর্জ্য অপসারণসহ নগর উন্নয়ন ও নগর পরিকল্পনায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কোরবানির পর নগরবাসী ও সাংবাদিকদের সহযোগিতায় প্রতিটি অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া প্রতিদিনের গৃহস্থালির বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ইজারাদাররা ঈদ পরবর্তী বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছে। আমি নিজে প্রতিটি হাট পরিদর্শন করে এর প্রমাণ পেয়েছি। তারপরও কোনো ইজারাদার কাজে গাফিলতি করলে জামানত থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এফসি/