ইসিবি চত্বরে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসিবি চত্বরে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মাটিকাটা এলাকার নিজ বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

ডিবির এই কর্মকর্তা বলেন, মিজানুরকে গ্রেপ্তারের সময় তার বাসায় সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন। তবে মিজানুরের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে যাচাই চলছে।

মিজানুর এ মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতজনে। তাঁদের মধ্যে দুজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ গ্রেপ্তার করেছে।

গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আবাসন প্রকল্পের জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার পেছনে সুনির্দিষ্ট কারণ কী ছিল, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

/এমআর/