শিরোনাম

ঈদের ছুটিতে রাজধানীতে বাড়ছে বায়ুদূষণ

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে রাজধানীতে বাড়ছে বায়ুদূষণ
ছবি: সংগৃহীত

ঈদের মধ্যে রাজধানীর বাতাসের মান ভালো থাকলেও সরকারি ছুটির শেষদিন আবারও তা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৪ পয়েন্ট নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা।

বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে চীনের বেইজিং। এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। ফলে বিশ্বের বড় বড় শহরে বায়ুদূষণ বাড়লেও সেসময় ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৪তম। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

সংশ্লিষ্টদের মতে, রমজান মাস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই বন্ধ ছিল। এর ওপর সরকারি ছুটি শুরু হওয়ায় লাখ লাখ মানুষ নাড়ির টানে ঢাকা ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। ফলে সড়কে যানবাহনের চাপ ছিল না বললেই চলে। তবে ঈদ শেষে এখন আবার আগের রূপে ফিরছে রাজধানী।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

/এফসি/