ভাটারায় ভবনের দোতলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভাটারায় ভবনের দোতলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর ভাটারায় একটি ভবনের দুই তলা থেকে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে নিচে পড়ে যান নাঈম। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে, তা জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ফুয়াদ নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।

/এফআর/