শিরোনাম

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে আগামী বছর থেকে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে আগামী বছর থেকে
মেট্রোরেলের এমআরটি লাইন-৬

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ আগামী বছরের এপ্রিলে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেল রুটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানিয়েছেন, বর্ধিত অংশে ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চালানো হবে।

তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক চলাচল পরিচালিত হবে। এ সময় ট্রেন পরিচালনা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি বিষয় যাচাই করা হবে।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ সম্প্রসারিত অংশের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। একটি স্টেশন, ভায়াডাক্ট ও রেল ট্র্যাক নির্মাণসহ সামগ্রিক কাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্যকাজ এবং প্রবেশ ও বহির্গমন পথ নির্মাণের কাজ চলছে।

তাঁরা জানান, ২০২৬ সালের জুন পর্যন্ত কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ শেষ হয়েছে।

এ ছাড়া স্টেশনের জন্য প্রয়োজনীয় স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা।

বর্তমানে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক রঙের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির নির্মাণকাজ শেষ হয়েছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।

/এমআর/