শিরোনাম

বিএনপি ও বেগম জিয়া কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেননি: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও বেগম জিয়া কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেননি: ডিএসসিসি প্রশাসক
দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ‘বিএনপি কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেনি বা বেগম খালেদা জিয়াও করেননি। কারণ এই দেশটা আমাদের। এই রাষ্ট্রের যদি কোনো ক্ষতি হয়, তাহলে দেশের জনগণের ক্ষতি হবে। দেশের সম্পদ এই মানুষের সম্পদ। তাই সেই সম্পদ যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেটার জন্য তিনি চেষ্টা করেছেন।’

রবিবার (১৬ আগস্ট) নগর ভবনের অডিটরিয়ামে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া যা করেছেন, তার জন্য সবার দোয়া করা উচিত। দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমরণ সংগ্রাম করেছেন এবং কোনো অন্যায়ের কাছে আপস করেননি।’

কারাগারে যাওয়ার সময়ও বেগম খালেদা জিয়া দেশে কোনো অরাজকতা সৃষ্টি না করার নির্দেশ দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কখনো অরাজকতায় বিশ্বাস করেনি। বিরোধী দলে থাকাকালেও গণতান্ত্রিক আন্দোলন শৃঙ্খলার মধ্যে থেকে করার চেষ্টা করা হয়েছে।’

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আজকে স্বাভাবিকভাবে দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি, আমাদের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহ যাতে তাকে (বেগম খালেদা জিয়া) বেহেশত নসিব করে। কারণ তিনি জীবনে অনেক কষ্ট করেছেন। কখনো অন্যায়ের কাছে আপস করেননি এবং নিজের জন্য কিছু পাওয়ার চিন্তা করেননি। তিনি মানুষের কথা চিন্তা করেছেন, দেশের কথা চিন্তা করেছেন।

তিনি আরও বলেন, ‘মানুষ মাত্রই ভুল থাকে। চলার পথে ভুল হতেই পারে। কিন্তু তিনি (বেগম খালেদা জিয়া) দেশের জন্য, দেশের মানুষের জন্য চেষ্টা করেছেন। আমরা যাতে তার ভালো কাজগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং সেগুলো আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।’

দোয়া মাহফিলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এফআর/