শিরোনাম

ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১
ছবি: সিটিজেন গ্রাফিক্স

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরও দুজনকে আটক করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

টাকা নিয়ে পালানোর সময় ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে ৯৯৯-এর পক্ষ থেকে দ্রুত ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়। কলটেকার কনস্টেবল মজিবুর রহমান ফোনটি গ্রহণ করেন। পরে পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলকারী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের কয়েকটি দল এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ওই ছিনতাইকারী চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চক্রটির সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমআর/