শিরোনাম

কুবি ছাত্রশক্তির নতুন আহ্বায়ক নিলয়, সদস্য সচিব নাজিফা

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
কুবি ছাত্রশক্তির নতুন আহ্বায়ক নিলয়, সদস্য সচিব নাজিফা
নিলয় বড়ুয়া ও সৈয়দা নাজিফা নাফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়া আহ্বায়ক এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মুখ্য সংগঠক করা হয়েছে আরিফুল ইসলাম রনিকে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আলামিন মজুমদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে মোহাম্মদ ওসমান এবং যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে জুবায়ের আজম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ

ছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাঈমুর রহমান, বিল্লাল হোসেন ও জি. এম. তৈয়ুবুর ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো। ঘোষিত আহ্বায়ক কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। এটি শুধু একটি পদ নয়, গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করাই হবে আমার মূল লক্ষ্য। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করি।’

আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সোচ্চার থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

/এফআর/