শিরোনাম

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে জয়ী নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদে জয়ী নজরুল বিশ্ববিদ্যালয়
ছবি: সিটিজেন জার্নাল

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে বিজয়ী ট্রফি হস্তান্তর করেন বিতার্কিকেরা।

এ সময় উপাচার্য বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আসন্ন বাজেট নিয়ে আয়োজিত এবারের ছায়া সংসদ বিতর্কের বিষয় ছিল ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’। বিতর্কে সরকারিদল হিসেবে অংশ নিয়ে চমৎকার যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হয় নজরুল বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, বিরোধীদলে ছিলো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা হিসেবে অংশ নেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী হরি প্রিয়া সেন। অর্থমন্ত্রীর ভূমিকায় ছিলেন আইন ও বিচার বিভাগের মো. হাসিবুর রহমান এবং সংসদ সদস্য ছিলেন ফোকলোর বিভাগের মো. আতিকুর রহমান (সেতু)। এ ছাড়া সরকারদলীয় সদস্য হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান (রবিউল) এবং আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান (শৈলী) বিতর্কে অংশ নেন।

/এসবি/