শিরোনাম

জাবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ
জাবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রওশনকে নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের হাতে অপহরণ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রশক্তি।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাবি ছাত্রশক্তির সদস্য তরিকুল ইসলাম নাজিম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের মাধ্যমে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় একসঙ্গে থাকা বিভিন্ন রাজনৈতিক শক্তির কেউ কেউ পরবর্তীতে নিজেদের স্বার্থে সেই ঐক্য থেকে সরে গিয়ে ছাত্রলীগকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনো অংশীজন হামলা বা নির্যাতনের শিকার হলে মতপার্থক্য ভুলে সবাইকে তার পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী শরীফ হোসেন রওশনের ওপর নেত্রকোনার আটপাড়া উপজেলায় সংঘটিত হামলা, নির্যাতন ও চাঁদাবাজির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ছাত্রশক্তি। তার দাবি, স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রওশনকে শারীরিকভাবে নির্যাতন করে, আটকে রেখে মুক্তিপণ দাবি করে এবং জোরপূর্বক বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করে। পরে অর্থ আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতাকর্মীরা রওশনকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনেন। কিন্তু ঘটনার এত সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন।

এ সময় তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি রওশনের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান ছাত্রশক্তির এই নেতা।

/এমআর/