শিরোনাম

সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ৩১ আগস্ট ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত স্মারকের মাধ্যমে শুরু হওয়া ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হলো।

তবে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম কত দিন স্থগিত থাকবে এবং পরবর্তী সময়ে নতুন সময়সূচি কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সাত কলেজের অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, ‘অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিতের নোটিশটি আজই প্রকাশ করা হয়েছে। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে কিছু প্রস্তাবনা পাঠানোর কথা রয়েছে। এরপর সংশ্লিষ্ট সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ফরম পূরণের কার্যক্রম পুনরায় শুরু হবে, তা নির্ধারণ করা হবে। আপাতত সে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে খুব দ্রুতই আবার ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

/এমআর/