শিরোনাম

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
ক্যশৈনু ও মোহাম্মদ মোস্তফা কামাল খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাদের পুলিশ সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন– তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ আজ শনিবার (২২ আগস্ট) থেকেই কার্যকর হবে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, শুধু ‘প্রশাসনিক কারণে’ নয়, দিনের দুটি ভিন্ন ঘটনায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, শনিবার বিকালে আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সূত্রের তথ্য অনুযায়ী, পরিদর্শনের সময় থানার ওসিকে সেখানে পাননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে দেখেন।

এরপর সন্ধ্যায় পল্টন মডেল থানা পরিদর্শনে যান পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার। সূত্র জানায়, সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমেও অসংগতি তাদের নজরে আসে।

এসব বিষয় নিয়ে পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এফআর/