আ.লীগের মিছিল: গুলশানের ডিসি-ওসির পর এবার এডিসির বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগের মিছিল: গুলশানের ডিসি-ওসির পর এবার এডিসির বদলি
ডিএমপির লগো

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও রদবদল করা হয়েছে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে। একই আদেশে এডিসি পদমর্যাদার আরও তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ও গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে গুলশানের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আর আজ গুলশান জোনের এডিসিকেও বদলি করা হলো। তবে অফিস আদেশে বদলির কারণ উল্লেখ করা হয়নি।

/এফআর/