শিরোনাম

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব এবং একজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে বদলি করে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়।

পাশাপাশি, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী, দিলরুবা ইসলাম ও সাগুফতা হককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

এদিকে, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) মাহমুদা বেগমকে বদলি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। আর চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। একইভাবে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে পদ থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, গত ১২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে প্রত্যাহার করা হয়েছিল। পাশাপাশি তাকে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।

/এফআর/