শিরোনাম

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম
অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, নবনিযুক্ত বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মুহিদুল ইসলাম এর আগে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য নিরাপত্তা হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। এছাড়া মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিশোরগঞ্জ ও রাজবাড়ী জেলাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মুহিদুল ইসলাম।

মুহিদুল ইসলাম শিক্ষাজীবনে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয় থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

প্রসঙ্গত, বর্তমানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের দায়িত্বে আছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। মো. মুহিদুল ইসলামকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

/এফআর/