চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি, সভাপতি বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের কমিটি, সভাপতি বাণিজ্যমন্ত্রী
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চা শিল্পের উন্নয়ন এবং সমস্যা সমাধানে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সভাপতি করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান।

প্রজ্ঞাপন বলা হয়েছে, নবগঠিত ১২ সদস্যের কমিটি চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজীকরণের নিমিত্তে চা বাগান মালিকদের ক্লাসিফাইড লোনকে পুনঃনির্ধারণ এবং নতুন করে ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ প্রদান করবে। পাশাপাশি চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেবে।

পাশাপাশি কমিটি আগামী ৩০ দিনের মধ্যে চা-কে কৃষি পণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন উপস্থাপন করবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

/এফআর/