শিরোনাম

জবিতে ছয় দফা দাবিতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মানববন্ধন

জবি প্রতিনিধি
জবিতে ছয় দফা দাবিতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মানববন্ধন
জবিতে মানববন্ধনে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা গেছে।

মানববন্ধনে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে ছিল– সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও দায়ের করা মামলা প্রত্যাহার; কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ; ছাত্রলীগের ‘রাজবন্দিদের’ শোন অ্যারেস্ট বন্ধ করে নিঃশর্ত মুক্তি এবং নারী ও শিশু নির্যাতন, অনলাইন হয়রানি ও বিভিন্ন সহিংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই সঙ্গে হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসির দাবিও জানান আন্দোলনকারী ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচিতে জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নেতৃত্ব দেন।

মানববন্ধনে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। সেই চেতনাকে ধারণ করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করেছে।’

এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি মুঠোফোনে বলেন, ‘ছাত্রলীগ সংগঠনটি নিষ্ক্রিয় নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বর্তমান সরকারের পতনের লক্ষ্যে রাজনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সংগঠনের কার্যক্রম বন্ধ করা যাবে না এবং আন্দোলন অব্যাহত থাকবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/