শিরোনাম

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক শরিফুল হুদা

জাবি প্রতিনিধি
জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক শরিফুল হুদা
ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নিয়োগের ফলে তিনি প্রচলিত বিধি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিদায়ী ও নবনিযুক্ত ডিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যাপক শরিফুল হুদা দেশের ভূগোল, পরিবেশ ও জিআইএস অঙ্গনের সুপরিচিত গবেষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। জিআইএস, রিমোট সেন্সিং, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বনসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা তার গবেষণার প্রধান ক্ষেত্র।

১৯৯৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করা অধ্যাপক শরিফুল হুদা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি ‘দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ’-এর জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ সালে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় অ্যাওয়ার্ড অথরিটির মর্যাদা অর্জন করে।

গবেষণা ক্ষেত্রে অধ্যাপক শরিফুল হুদার অবদানও উল্লেখযোগ্য। পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, নগর দূষণ, বনভূমির পরিবর্তন, নদী ও জলাশয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ, গ্রন্থ ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত রিমোট সেন্সিং অ্যান্ড ফটোগ্রামেট্রি সোসাইটির সম্মেলনে তিনি সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক পুরস্কারও অর্জন করেন।

/এমআর/